,

9 January 2026, 6:52 PM

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

আপডেট টাইম : January 9, 2026 6:52 PM



শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি: মোঃ মনিরুজ্জামান মনির

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযানে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার ও বৃহস্পতিবার গোপন সংবাদে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় একযোগে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, শাড়ি, জিরা, চিনি, চকলেটসহ কসমেটিকস সামগ্রী, চা-পাতা ও মদ জব্দ করা হয়।

এ ছাড়া চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশি লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন, শিং মাছ, মহিষ ও গরু আটক করা হয়। এ ছাড়া অভিযানে একটি মোটরসাইকেল এবং অবৈধ পাথর পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপও জব্দ করা হয়েছে। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন