শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ মে ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ

আন্তর্জাতিক মা দিবসে আর্ন এন্ড লিভের উদ্যোগে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ

আপডেট টাইম : মে ১১, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ



শেয়ার করুন

বিশ্ব মা দিবস আজ। জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের, সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

আজ ১১ মে ২০২৫, রবিবার, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে অবস্থিত গোধূলি বৃদ্ধাশ্রমে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির তত্ত্বাবধানে বৃদ্ধ মা-বাবাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।

সকাল ১০টায় আর্ন এন্ড লিভের প্রতিনিধিরা চাল, ডাল, তেল, লবণ, মাংস, মাছ, ডিম ও সবজি নিয়ে বৃদ্ধাশ্রমে পৌঁছালে সেখানে আনন্দের পরিবেশ তৈরি হয়। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের মধ্যে কেউ মেঝেতে শুয়ে ছিলেন, কেউ জানালার পাশে বসে আলোর দিকে তাকিয়ে ছিলেন, আবার কেউ গল্পে মগ্ন ছিলেন। তাদের সঙ্গে সময় কাটিয়ে আর্ন এন্ড লিভের টিম তাদের সুখ-দুঃখের গল্প শোনে এবং মানসিক তৃপ্তি লাভ করে।

ষাট থেকে সত্তরোর্ধ্ব এসব বৃদ্ধ মা-বাবা মধ্যাহ্নভোজে অংশ নিয়ে আর্ন এন্ড লিভের সদস্যদের সঙ্গে তাদের না বলা কথা শেয়ার করেন, যা বেশিরভাগই কষ্ট ও বেদনাময় স্মৃতি।

খাবারের পর বৃদ্ধাশ্রমের বাসিন্দা জোৎস্না বেগম বলেন, “২ বছর ধরে এখানে আছি। বহুদিন পর তোমাদের মতো কেউ এসে এত ভালো খাবার খাওয়ালো। গোস্ত, মাছ, ডিম একসাথে পেয়ে খুব খুশি হয়েছি।”

সেচ্ছাসেবী ওমর ফারুক বলেন, “আর্ন এন্ড লিভের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বৃদ্ধ মা-বাবারা তৃপ্তি সহকারে খাবার খেয়েছেন। আমরা চাই তারা এমন কাজ অব্যাহত রাখুক।”

আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন, “আমার বাবা-মা বেঁচে নেই। আজ মা দিবসে বৃদ্ধাশ্রমের মা-বাবাদের খাওয়াতে পেরে হৃদয়ে শান্তি পেয়েছি। ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যেতে চাই এবং আরও মানুষকে এই উদ্যোগে যুক্ত হতে আহ্বান জানাই।”

তিনি সমাজের অবহেলিত বৃদ্ধদের প্রতি ভালোবাসা, যত্ন ও মানবিক সহানুভূতি প্রকাশ করেন এবং নিয়মিত এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন