২৬ মার্চ ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ
আলোকিত সিলেট ডেস্ক : সিলেট, ২৬ মার্চ (প্রতিনিধি): স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সদস্যরা শহীদ মিনারের গেটে পুলিশের বাঁধার সম্মুখীন হন, যেখানে বিচারিক ক্ষমতাপ্রাপ্ত সেনাবাহিনীর গাড়িও অবস্থান করতে দেখা যায়।
পুলিশ জানায়, “রাষ্ট্রীয় নির্দেশনা রয়েছে যে সূর্যোদয়ের আগে কেউ ফুল দিতে পারবে না।”তবে এ সংক্রান্ত কোনো নির্দেশনা দেখাতে চাওয়া হলে পুলিশ কর্মকর্তারা অপারগতা প্রকাশ করেন এবং জেলা প্রশাসকের (ডিসি) অফিসে যোগাযোগ করতে বলেন।
ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ ও প্রতিবাদের মুখে একপর্যায়ে প্রশাসন শহীদ মিনারের তালা খুলতে বাধ্য হয়। এরপরই শ্রদ্ধা নিবেদন করতে সক্ষম হন তারা।
এ ঘটনাকে “শহীদ মিনারে আমলাতান্ত্রিক সেন্সরশিপ” আখ্যা দিয়ে ছাত্র নেতারা বলেন, “শিক্ষক, শ্রমিক, আন্দোলনকারী থেকে শুরু করে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা ছাত্র সংগঠন পর্যন্ত কেউই রাষ্ট্রীয় দমননীতির হাত থেকে রেহাই পাচ্ছে না।”
তারা এ ধরনের বাধার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।