শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ মার্চ ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ

জগন্নাথপুরে ট্রাক্টর দিয়ে মাটির ব্যবসা: হাওরের রাস্তার সর্বনাশ

আপডেট টাইম : মার্চ ১৪, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের মাটির কাচা রাস্তাগুলো ট্রাক্টর গাড়ির চলাচলের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে স্থানীয়দের চলাচল ও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জানা গেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া সমধল গ্রাম থেকে নলুয়ার হাওরের মধ্য দিয়ে আঁকাবাঁকা মাটির কাচা রাস্তাটি বয়ে গেছে। এই রাস্তা দিয়ে নলুয়ার হাওরের পশ্চিমাঞ্চলের গ্রামবাসী, বিশেষ করে বেতাউকা এলাকার মানুষ চলাচল করেন। এছাড়া বৈশাখ মৌসুমে হাওরের ধান বাড়িতে আনার জন্য এই রাস্তাটি ব্যবহৃত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখ মৌসুম শুরুর আগেই ট্রাক্টর গাড়িগুলো রাস্তাটির ব্যাপক ক্ষতি করেছে। একটি মহল হাওর থেকে অসংখ্য ট্রাক্টরে করে মাটি তুলে গ্রামের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছে। ভারী ট্রাক্টর চলাচলের কারণে রাস্তাটি দেবে গিয়ে অসংখ্য গর্তে পরিণত হয়েছে। এতে রাস্তার মাটি ধুলোয় পরিণত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, বৃষ্টি শুরু হলে রাস্তার গর্তে পানি জমে চলাচল অসম্ভব হয়ে উঠবে।

এ বিষয়ে ট্রাক্টর চালকদের পক্ষ থেকে একজন নাম প্রকাশ না করে জানান, বৃষ্টি শুরু হলে তারা মাটি তোলা বন্ধ করে দেবেন। তিনি আরও দাবি করেন, রাস্তার গর্তে তারা মাটি ফেলে ভরাট করে চলাচলের উপযোগী করে তোলেন।

তবে স্থানীয়রা এ দাবি মানতে নারাজ। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাটির ব্যবসার স্বার্থে হাওরের রাস্তাটি ধ্বংস করা হয়েছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেছেন, “তারা মাটির ব্যবসা করতে গিয়ে হাওরের রাস্তাটির সর্বনাশ করে দিয়েছে। এ বিষয়ে দেখার কেউ নেই। আমরা অসহায়। তাই প্রশাসনের দ্রুত পদক্ষেপ চাই।”

এ অবস্থায় হাওরের রাস্তা রক্ষায় প্রশাসনের ত্বরিত পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

আলোকিত সিলেট / এস এস

শেয়ার করুন