সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ মার্চ ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ

ওসমানীনগরে কুশিয়ারা নদীর চর কেটে মাটি লুটের প্রতিযোগিতা

আপডেট টাইম : মার্চ ৪, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ



শেয়ার করুন

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে ঐতিহ্যবাহী কুশিয়ারা নদীর চরে জেগে ওঠা মাটি কেটে নিয়ে যাওয়ার প্রতিযোগিতায় মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালী মহল। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে নদীর চর কেটে মাটি সরিয়ে নেওয়ার এই কর্মকাণ্ড এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর পুরাতন লঞ্চ ঘাট সংলগ্ন কুশিয়ারা নদীর চরে এমন দৃশ্য প্রতিদিনই চোখে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর চর কেটে মাটি নিয়ে যাচ্ছে একদল প্রভাবশালী ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, উপজেলার খছরুপুর গ্রামের প্রভাবশালী ফজলু মিয়া প্রতিবছরের মতো এবারও নদীর চর কেটে মাটি নিজের ভিটায় ভরাট করছেন। এছাড়াও তার মালিকানাধীন একাধিক জমিতেও মাটি ভরাট করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়রা আরও জানান, ফজলু মিয়ার এই কর্মকাণ্ড নিয়ে তাদের অভিযোগ থাকলেও ভয়ে কেউ সরাসরি প্রশাসনের কাছে যেতে পারছেন না।

নদীর চর থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার বিষয়ে ফজলু মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, নদীর চর কেটে মাটি সরিয়ে নেওয়ার ফলে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হতে পারে, যা ভবিষ্যতে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের তৎপরতা এবং ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্বেগ দেখা যাচ্ছে।

শেয়ার করুন