১৩ আগস্ট ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্ট : পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের উপর জৈন্তাপুর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৫ আগষ্ট থেকে শুরু হওয়া ৬ আগষ্ট বিকাল ৪টায় সমাপ্ত হয়। জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি রিপামনি দেবী। এডভোকেসি নেটওয়ার্ক কমিটি জৈন্তাপুর উপজেলা শাখার চেয়ারপার্সন জয়মতি রানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফেসিলিটেটর মোঃ শাহাজান মিয়া, সহকারী ফেসিলিটেটর জুবায়ের আহমদ, প্রশিক্ষক মহসিন আহমেদ, এএনসি জৈন্তাপুরের ভাইস চেয়ারপার্সন সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল, কার্যনির্বাহী সদস্য ক্লেমেন্ট চিশিম বর্ষা, এন্ড্রু স্মীথ খংলা, মোঃ হোসেন মিয়া, নমিতা নাইয়াং, জাহিদুল ইসলাম জয় প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আল বশিরুল ইসলাম বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বর্তমান সরকারের বহুমুখী উদ্যোগ রয়েছে। তাদের অধিকার কিংবা সেবা প্রাপ্তির লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশনের চলমান এই প্রকল্পের কার্যক্রমকে আরো গতিশীল করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, কোন জাতি গোষ্ঠীকে বাদ দিয়ে একটি দেশের উন্নয়নের লক্ষ্যে পৌঁছা যায় না, তাই আসুন আমরা কাউকে বাদ দিয়ে নয় সবাইকে সাথে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে আন্তরিকতার সাথে কাজ করি।