,

5 November 2026, 4:47 PM

জৈন্তাপুরে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময়,উন্নয়ন ও জনসমস্যা নিয়ে আলোচনা

আপডেট টাইম : November 5, 2026 4:47 PM



শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি: ইমাম উদ্দিন

সিলেটের জৈন্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জৈন্তাপুরের সার্বিক উন্নয়ন,কৃষকদের সেচ-সুবিধা, রাস্তাঘাট সংস্কার,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ, পাহাড় কাটা বন্ধ, কৃষিজমি রক্ষা, ধুলাবালি নিয়ন্ত্রণ এবং বেকারত্ব নিরসনে কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পায়।

পাশাপাশি বন্ধ থাকা পাথর কোয়ারি ও বালুমহাল পরিবেশ ও আইন মেনে বৈধ প্রক্রিয়ায় চালুর বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খাঁন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, জৈন্তাপুরের ১৭ পরগনার সামাজিক শৃঙ্খলা, মুরব্বিদের প্রতি সম্মান এবং পারস্পরিক পরামর্শের মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানের ঐতিহ্য অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন,সভায় উত্থাপিত সমস্যা ও পরামর্শগুলো তিনি নোট করেছেন। সব সমস্যার সমাধান এককভাবে সম্ভব না হলেও সম্মিলিত প্রচেষ্টায় সমাধানের পথে এগিয়ে যাওয়া সম্ভব।
মাননীয় মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে জৈন্তাপুরের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ জন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন