২৫ এপ্রিল ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই পৌরশহরের সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিকদের সময় সচেতনতা বাড়াতে চারটি অত্যাধুনিক ডিজিটাল ঘড়ির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ) বিকেলে শহরের চৌরাস্তায় জালাল সিটি সেন্টারের সামনে এ ঘড়িগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালাল সিটি সেন্টারের স্বত্বাধিকারী ও বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামিল চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, পৌরশহরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি শহরে আগত মানুষকে সময় সম্পর্কে সচেতন করতে এ ডিজিটাল ঘড়িগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, নাগরিকরা দৈনন্দিন কাজ সময়মতো সম্পন্ন করতে আরও যত্নবান হবেন।
তিনি আরও বলেন, সিলেট শহরের সৌন্দর্য বর্ধনে নবাব আলী আমজাদ কর্তৃক স্থাপিত ঐতিহ্যবাহী ঘড়ির মতোই দিরাইয়ের এসব ডিজিটাল ঘড়িও একসময় মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।
বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির এ যুগে প্রত্যন্ত অঞ্চলের একটি ছোট শহর হিসেবে দিরাইয়ে এমন উদ্যোগ শহরের আধুনিকায়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ করবে এবং শহরের সামগ্রিক চিত্রকে আরও আকর্ষণীয় করে তুলবে।