৯ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: সিলেট জেলায় একযোগে ২০ লক্ষ বৃক্ষ রোপণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সভাপতির বক্তব্যে মো. সারওয়ার আলম বলেন, নির্বাচনের ইশতেহার অনুযায়ী সরকার দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। তার অংশ হিসেবে সিলেটে ২০ লক্ষ বৃক্ষ রোপণ করা হবে। সরকারি ও বেসরকারি নার্সারি থেকে চারা সংগ্রহ করে রাস্তার ধার, খাসজমি, চরাঞ্চল, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও অন্যান্য খোলা জায়গায় একদিনে এ চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তিনি বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ বিনিময় করেন।
সভায় বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, তার সঠিক পরিচর্যা করতে হবে। ইউনিয়নগুলোকে ছোট ছোট ভাগ করে মনিটরিং ও রিপোর্টিং ব্যবস্থা জোরদার করতে হবে। যাতে লাগানো গাছ সঠিক পরিচর্যায় বেঁচে ওঠে সেদিকে কঠোর নজর রাখতে হবে। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা গাছ রোপণ নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। পরিবেশ ও আবহাওয়া অনুযায়ী গাছ রোপণ করতে হবে, যাতে সহজে বৃদ্ধি পায়। সিলেট অঞ্চলে ফলের গাছ তুলনামূলক কম, তাই বেশি করে ফল গাছ লাগানো জরুরি। এমন সব স্থানে গাছ লাগাতে হবে যেন ভবিষ্যতে কোনো কারণে গাছ কাটতে না হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপপরিচালক, স্থানীয় সরকার সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বৃক্ষপ্রেমী সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও সংস্থা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।