২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
মো. মনিরুজ্জামান মনির, গোয়াইনঘাট
সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৯ জনকে আটক করেছে টাস্কফোর্স। অভিযানে প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০ থেকে ৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ওমর ফারুক। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তা সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সীমান্ত নিরাপত্তা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরাও অভিযানে অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় প্রশাসন বলছে, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের কার্যক্রমে কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্তবর্তী এই পর্যটন এলাকায় পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থান বজায় রাখার কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।