,

8 July 2026, 9:20 PM

জৈন্তাপুরে অপরাধ,মাদক ও চোরাচালান দমনে কঠোর অবস্থানের ঘোষণা ১ আগস্ট থেকে জোরদার অভিযান,১৯ জুলাই পাথর কোয়ারি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

আপডেট টাইম : July 8, 2026 9:20 PM



শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি:ইমাম উদ্দিন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক, চোরাচালানসহ কোনো ধরনের অপরাধই বরদাশত করা হবে না। অপরাধ দমনে উপজেলা প্রশাসন,পুলিশ ও বিজিবিকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন,সীমান্ত রক্ষার পাশাপাশি সমাজ কে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে হলে,সামাজিক সচেতনার পাশাপাশি জনপ্রতিনিধি,প্রশাসনসহ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদের নিয়ে এক যোগে কাজ করা দরকার।তিনি বলেন,আগামী তিন সপ্তাহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করুন।

এরপর ১ আগস্ট থেকে মাদক ও চোরাচালানবিরোধী কঠোর অভিযান শুরু হবে।এ অভিযানে দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন,সীমান্ত এলাকায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়,জনপ্রতিনিধি,প্রশাসন, শিক্ষক,আলেম-উলামা ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।মাদক ও চোরাচালান নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও জানান,বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে চালুর বিষয়ে আগামী ১৯ জুলাই মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।এছাড়া কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে শিগগিরই একটি প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) জৈন্তাপুর উপজেলার দারুল হাদিস ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসায় মরহুম মাওলানা আব্দুল জব্বারের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল শেষে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি শাহা, পুলিশ সুপার ড. মো. যাবের সাদেক, ১৯ বিজিবির উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল মুমিন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়,সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, এএসপি সার্কেল সালমান নূর আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ,দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার,জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলালসহ প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এর আগে মন্ত্রী মরহুম মাওলানা আব্দুল জব্বারের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আলিম উদ্দিন। এ সময় বিভিন্ন মাদ্রাসার আলেম-উলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন