19 June 2026, 4:51 PM
নিজস্ব প্রতিবেদক
সিলেটে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের উৎসাহিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বিজয়ী দুই দলের প্রতিনিধিদের হাতে প্রণোদনার অর্থ তুলে দেন। এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা,জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া সেল) মোঃ জাহিন শাকিল ভূঞা,জেলা ক্রীড়া অফিসার মো: নুর হোসেন, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করে বলেন,খেলা আর মেলা দুটির মধ্যে একটি বাছাই করতে হলে আমি খেলাকেই বাছাই করব।তিনি সুস্থ সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। “নতুন কুঁড়ি স্পোর্টস” এর মতো আয়োজন জেলার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করছে এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলছে।
বক্তারা আরও বলেন, জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়দের উৎসাহ প্রদানে জেলা প্রশাসনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তরুণদের খেলাধুলামুখী করতে এবং জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রণোদনা পেয়ে খেলোয়াড়রা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন এবং জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। উৎসবমুখর ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আসরের সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও সম্মাননা প্রদান করা হয়। তাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।