,

9 March 2026, 10:40 PM

সিলেট সদরে অবৈধ মাটি কর্তন: ড্রেজার জব্দ, কারাদণ্ড ও জরিমানা

আপডেট টাইম : March 9, 2026 10:40 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার কল্পগ্রাম, খাদিমপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কর্তন ও খাল ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার ০৯ মার্চ ২০২৬ তারিখে অভিযান চালিয়ে মোঃ আব্দুল হান্নান (পিতা: আব্দুল হাফিজ) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিলেট সদর এবং সহকারী কমিশনার (ভূমি), সিলেট সদর। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি নিকটবর্তী কৃষি জমির উপরিভাগের টপ সয়েল কর্তন করে হৈরখাল ভরাট করছেন। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে। খাল ভরাটের কারণে এলাকার স্বাভাবিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ছে।

অভিযানকালে আরও দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি পার্শ্ববর্তী মালিকানাধীন জমির সীমানা পিলার অপসারণ করেছেন। জমির কাগজপত্র যাচাই-বাছাই করে তার নামে ওই স্থানে কোনো বৈধ মালিকানা বা মাটি কর্তনের অনুমতিপত্র পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করা হয়। এর মধ্যে একটি ড্রেজার সিলেট সিটি কর্পোরেশন এবং অপরটি উপজেলা পরিষদ, সিলেট সদর, সিলেট-এর অনুকূলে বিলিবন্দেজ করা হয়।

অভিযুক্ত মোঃ আব্দুল হান্নানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জনস্বার্থে পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা এবং প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন