7 March 2026, 12:20 AM
স্টাফ রিপোর্টার : লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের আয়োজনে ‘লুইবক গ্র্যান্ড ইফতার মাহফিল অ্যান্ড এক্সিকিউটিভ কমিটি হ্যান্ডওভার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ তাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আব্দুল হাই শিক্ষার্থীদের মধ্যে দক্ষ নেতৃত্ব তৈরিতে লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে ক্লাব সদস্যদের সফল ও প্রশংসনীয় কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। তিনি বিজনেস ক্লাবের কার্যক্রম ও সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও ধারাবাহিক কার্যক্রম বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি নতুন কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ তাজ উদ্দিন সুন্দর ও সুশৃঙ্খল একটি আয়োজন করার জন্য লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিনিয়ত এ ক্লাব শিক্ষার্থীদের গবেষণা ও চাকরির সুযোগ তৈরিতে বিভিন্ন ধরনের সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে যা খুবই প্রশংসনীয়। তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহানশাহ মোল্লা, উপদেষ্টা ওয়াহিদা আক্তার, সহ-উপদেষ্টা মো. আব্দুল মুহিত চৌধুরী এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ইশরাত জাহান জান্নাত এবং জেনারেল সেক্রেটারি মাহদি শরিফ উদ্দিন নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা প্রকাশ করেন।
নতুন কমিটির (২০২৫-২০২৬) প্রেসিডেন্ট তানজিম মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তানভীর চৌধুরী ও ওবায়দুল হক মাহি, জেনারেল সেক্রেটারি প্রিতম চৌধুরী শাওন, অতিরিক্ত জেনারেল সেক্রেটারি শিবজিত বৈধ এবং লিজা বেগম।
পবিত্র রমজান মাসের এই সুন্দর আয়োজন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি লুইবক পরিবারের জন্য হয়ে উঠেছিল একটি স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত, যেখানে বিদায়ী কমিটির অবদানকে সম্মান জানানো হয়েছে এবং নতুন নেতৃত্বের প্রতি আশা ও আস্থার প্রকাশ করা হয়েছে।