শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ মে ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ

উচ্চ শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বৃদ্ধি করতে হবে : সিকৃবি ভিসি

আপডেট টাইম : মে ২৭, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, উচ্চ শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, ক্ষতিকর পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করে প্রত্যাশিত ফলন পেতে কীটতত্ত্ববিদদের লাগসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী গবেষণা ও নতুন প্রযুক্তি আবিষ্কারের দিকে এগিয়ে যেতে পারবে।

২৫ মে রবিবার সিকৃবির কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের গবেষণাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কীটতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা ও প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ।

ল্যাব উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলর বিভিন্ন যন্ত্রপাতি ও সংগ্রহশালা পরিদর্শন করেন। এই ল্যাবে প্লান্ট গ্রোথ চেম্বার, ইনভার্টেড বায়োলজিক্যাল মাইক্রোস্কোপ, ক্লোরোফিল ফ্লোরোমেট্রি, মর্টার গ্রাইন্ডার, ন্যাচারাল কনভেকশন ওভেন ও বাইনোকুলার মাইক্রোস্কোপ সংযোজিত হয়েছে। আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে উচ্চ শিক্ষার প্রসারে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন