,

31 May 2025, 10:54 PM

ফের ৯ বছর পর পদ্ধতি চালু; সিলেট এমসি কলেজে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট টাইম : May 31, 2025 10:54 PM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন, স্টাফ রিপোর্টার: ফের ৯ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেটের টিলাগড়ে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি মুরারিচাঁদ (এমসি) কলেজের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ মে) বৃষ্টিভেজা সকালে বৃষ্টি উপেক্ষা করেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে ছুটে চলেন। ৯ বছর পর পুনরায় চালু হওয়া পদ্ধতিতে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এসময় টিলাগড় পয়েন্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় যানজট নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তি করাতো। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বারের মতো এসএসসি ও এইচএসসির জিপিএ এর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে। ৯ বছর পর এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ফের ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু হলো।

এমসি কলেজ সূত্রে জানা যায়, সিলেট এমসি কলেজে ০৫ টি ভেন্যুতে ১০ হাজার ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ০৮ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষায় উপস্থিত ছিলেন। আর অনুপস্থিত ছিলেন ০১ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ৮৬.৫৮ শতাংশ। যার মধ্যে বিজ্ঞান বিভাগের ০৫ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ০৪ হাজার ৫৬২ জন উপস্থিত ছিলেন, মানবিক বিভাগের ০৪ হাজার ০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ০৩ হাজার ৬৮৮ জন উপস্থিত ছিলেন এবং আর ব্যবসায় শিক্ষা বিভাগের ৪৭২ জনের মধ্যে ৪৩৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

এবিষয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা- ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিলেট সরকারি মুরারিচাঁদ (এমসি) কলেজ কেন্দ্রের আহবায়ক প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন জানান, বৃষ্টি কিছুটা বিঘ্ন সৃষ্টি করলেও পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে পরীক্ষার্থী উপস্থিতি কিছুটা কম ছিলো। তবে পরীক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিয়েছেন।

শেয়ার করুন