শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ

সিলেটে যথাযোগ্য মর্যাদায় ভাষাদিবস উদযাপন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার :  যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে সিলেট জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুস শহিদ খান এবং আবৃত্তি শিল্পী সাহেল আহমদ খসরু।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বাংলা ভাষার স্রষ্টা ও সাহিত্য সাধকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বাংলা ভাষা আজ দেশের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে বিস্তৃত উল্লেখ করে তিনি বলেন, প্রমিত ভাষার ব্যবহার নিশ্চিত করতে বাংলা একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে আঞ্চলিক ভাষার ব্যবহারে নানা সাহিত্যকর্ম সৃষ্টি হলেও ভাষার শুদ্ধতা ও স্বকীয়তা অক্ষুণ্ণ রাখতে সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, বাংলা ভাষার প্রধান দূত হচ্ছি আমরা বাঙালিরা। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, বাংলা ভাষার ব্যবহার অব্যাহত রাখতে হবে। ভাষার জন্য রাজপথে জীবনদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি জীবনের সব ক্ষেত্রে বাংলা ভাষার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেন, মায়ের ভাষায় মনের ভাব প্রকাশের যে আবেগ, তা অন্য কোনো ভাষায় পাওয়া যায় না। মাতৃভাষা টিকিয়ে রাখতে সর্বক্ষেত্রে ভাষার প্রয়োগ বাড়াতে হবে এবং প্রমিত উচ্চারণ চর্চা জোরদার করতে হবে। কেবল ভিনদেশি ভাষা সুন্দরভাবে বলা স্মার্টনেস নয়; মাতৃভাষা সঠিকভাবে বলতে পারাও স্মার্টনেসের পরিচায়ক উল্লেখ করে তিনি শিশুদের প্রাথমিক পর্যায় থেকেই সঠিক বাংলা উচ্চারণ শেখানোর ওপর জোর দেন।

অনুষ্ঠানে সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন