16 January 2026, 11:55 AM
ওয়াহিদ উমায়ের : বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার এক অবিচ্ছেদ্য নাম ক্রিকেট। এদেশের সাধারণ দর্শক ও দক্ষ সংগঠকরাই এই খেলার প্রাণশক্তি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দীর্ঘ পথচলায় আমাদের প্রাপ্তির খাতা প্রত্যাশার তুলনায় অনেকটাই রিক্ত; বরং সেখানে হতাশার ছাপই বেশি স্পষ্ট।
গত কয়েক বছরে দেশের ক্রিকেটের শীর্ষ পর্যায়ে যারা আসীন ছিলেন, তারা খেলাটিকে উন্নতির শিখরে নেওয়ার বদলে একে ব্যক্তিগত ব্যবসায় রূপান্তরিত করেছিলেন। নিজেদের প্রভাব-প্রতিপত্তি টিকিয়ে রাখতে তারা জড়িয়ে পড়েছিলেন দুর্নীতির কালো জালে। ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে তারা ক্রিকেটকে এক প্রকার জিম্মি করে রেখেছিলেন, যা ক্রিকেটের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে।
ক্রিকেটকে এই দুর্নীতির কালো থাবা থেকে মুক্ত করতে এখন সৎ, যোগ্য ও দূরদর্শী সংগঠক প্রয়োজন। পাশাপাশি ক্রিকেটারদেরও নিজেদের দায়বদ্ধতা বুঝতে হবে। রাজনীতি কিংবা দলের ভেতরে কোরাম তৈরির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে তাদের মূল মনোযোগ থাকা উচিত মাঠের পারফরম্যান্সে। ক্রিকেট মাঠের লড়াই যেন কোনোভাবেই মাঠের বাইরের সমীকরণে কলুষিত না হয়।
বর্তমান ক্রিকেট বোর্ডে এমন অনেক সৎ ও প্রতিশ্রুতিশীল প্রতিনিধি যুক্ত হয়েছেন, যারা আসলেই ক্রিকেটকে তার স্বমহিমায় ফিরিয়ে আনতে চান। তবে দুর্ভাগ্যজনকভাবে, একটি অদৃশ্য শক্তি বর্তমানে সক্রিয় হয়ে উঠেছে। এরা সেই একই গোষ্ঠী যারা বিগত দিনে দুর্নীতির সাগরে নিমজ্জিত থেকেও নীরব ছিল, অথচ আজ তারা বোর্ড ও ক্রিকেটারদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত।
দেশের ক্রিকেটকে একটি সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে এই অদৃশ্য শক্তির বাধা অতিক্রম করা জরুরি। সংগঠক ও খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বচ্ছ ও পেশাদার কাঠামো গড়ে তোলাই হোক এখনকার মূল লক্ষ্য। তবেই কোটি মানুষের আবেগ ও ভালোবাসার এই খেলাটি আবার সম্মানের জায়গায় ফিরবে।