,

8 June 2023, 8:03 PM

বাংলাদেশের বিপক্ষে নেই রশিদখান

আপডেট টাইম : June 8, 2023 8:03 PM



শেয়ার করুন

নিলয়,স্পোর্টস ডেস্ক:বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের পরিচিত মুখ আফগানিস্তান। যে কোন দেশের বিপক্ষেই এখন কঠিন প্রতিপক্ষ তারা। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র‍্যাঞ্চাইজি লিগগুলোতেও ছড়াছড়ি রয়েছে আফগান ক্রিকেটারদের। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ওয়ানডে সিরিজ হেরে যাওয়া আফগানরা একমাত্র টেস্ট খেলতে ১০ জুন আসবে বাংলাদেশে।

চলতি মাসের ১৬ তারিখ থেকে টাইগারদের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া একমাত্র টেস্টের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। যেখানে বাংলাদেশের জন্য রয়েছে স্বস্তির খবর। এসিবির ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি দেশটির অন্যতম তারকা ক্রিকেটার রশিদ খানকে। রশিদকে দলে না রাখার কারণ স্পষ্ট করেনি আফগান ক্রিকেটবোর্ড।

তবে ধারণা করা হচ্ছে সামনেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তার উপর টানা দুই মাস আইপিএলের ধকল সামলেছেন রশিদ। রয়েছে ছোটখাটো ইনজুরিও। তাই তারকা এ ক্রিকেটারকে ১০০ শতাংশ ফিট রাখতে এসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। এমনকি পিঠের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেননি ডানহাতি এ বোলিং অলরাউন্ডার। যদিও শেষ ওয়ানডে-তে তিনি প্রথম একাদশে ফেরেন।

উল্লেখ্য চার বছর আগে বাংলাদেশ সফরে এসেছিল আফগানরা। ২০১৯ সালে অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ৫১ ও ২৪ রানের দু’টি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রশিদ খান। পাশাপাশি বল হাতে দুই ইনিংসে ৫ ও ৬টি কের উইকেট নেন রশিদ। ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। তাই এমন একজন ক্রিকেটার না থাকায় টাইগার শিবিরে থাকবে স্বস্তি।

শেয়ার করুন