7 January 2026, 7:17 PM
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় জাফলং ব্রিজ ও চা বাগানের বৈদ্যুতিক টাওয়ার সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার ৭ জানুয়ারি বিকেলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, এএসআই মোবারক হোসেনসহ পুলিশের একাধিক সদস্য অংশ নেন।
অভিযান চলাকালে জাফলং ব্রিজ ও বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন ও মজুদ করা আনুমানিক ২০ থেকে ২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন এবং সরকারি নির্দেশনা অমান্য করে একটি চক্র দীর্ঘদিন ধরে জাফলং ব্রিজ ও চা বাগানের বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
অভিযানকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জাফলং ব্রিজ ও বৈদ্যুতিক টাওয়ারের নিরাপত্তা নিশ্চিত করা, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
এই অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।