৮ নভেম্বর ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেছেন,সিলেট হচ্ছে প্রকৃতি কন্যা। পর্যটন নগরী হচ্ছে সিলেট। পর্যটনকে উৎসাহিত করতে ‘পর্যটনে তারুণ্য উৎসব’ উপলক্ষে জেলা প্রশাসন,সিলেট ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আজকের এই আয়োজন। তিনি বলেন, আমরা পর্যটনকে উৎসাহিত করতে তরুণদের কাজে লাগাতে চাই।তরুণরা যেকোনো কাজে সম্পৃক্ত হলে ভালো প্রভাব ফেলে। তিনি বলেন,আমরা নিজের বাড়ি, নিজের আঙিনা,নিজের শহর পরিচ্ছন্ন রাখতে চাই।পরিবেশও সুন্দর রাখতে চাই।সেই সাথে পর্যটন স্পটগুলোও পরিচ্ছন্ন রাখতে চাই।তিনি নিরাপদ, সুন্দর ও স্বাস্থ্যসম্মত নগর গড়তে সকলের প্রতি আহবান জানান।
শনিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় “পর্যটনে তারুণ্য উৎসব ২০২৫” উপলক্ষে সিলেটে সাইক্লিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকালে প্রাণবন্ত এই কর্মসূচিতে অংশ নেন সিলেটের বিভিন্ন বয়সী তরুণ-তরুণী। নগরের পথে প্রফুল্ল মুখে সাইকেল চালিয়ে তারা ফুটিয়ে তোলে উদ্যম, শৃঙ্খলা ও পরিবেশবান্ধব জীবনের বার্তা।জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন এবং বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সৃজনশীল, সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যায়। এ ধরনের প্রতিযোগিতা বাড়ানো দরকার, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন।নগরীর কীন ব্রীজ এর নিচে সুরমা নদীর তীরবর্তী এলাকায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) নুরের জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ- পরিচালক বোরহান উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল,সিলেটের এনডিসি কিশোর কুমার পাল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাক্রমে মাহমুদ আশিক বিন কবির, তানভীর হোসাইন সজীব ও মাসুদ রানা,ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান,সিলেটের ঐতিহাসিক কীন ব্রীজ ও আলী আমজাদের ঘড়িকে পরিচয় করিয়ে দিতে আগামী কাল পৌণে ১টায় বাংলাদেশ আয়ারল্যান্ডের খেলার ট্রফি এখানেই উন্মোচন করা হবে।উভয় দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত থাকবেন।