,

31 October 2025, 1:09 AM

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তরুণদের মতামতকে গুরুত্ব দিবে : খন্দকার আবদুল মুক্তাদির

আপডেট টাইম : October 31, 2025 1:09 AM



শেয়ার করুন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে যাবতীয় সমস্যা দূর করতে আন্তরিকভাবে কাজ করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস মিলনায়তনে ‘নীতি প্রণয়নে তরুণদের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেট-১ (নগর ও সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির দুর্নীতি দূর করতে জবাবদিহির সংস্কৃতি চালুর ওপর জোর দেন। তিনি বলেন, দেশে দুর্নীতির প্রসার হয়েছে বিভিন্ন কারণে, যার মধ্যে একটি হলো জবাবদিহির অভাব এবং নির্বাচনী ব্যবস্থা থেকে সরে আসা। তিনি উল্লেখ করেন, দুর্নীতি দূর করতে জবাবদিহির সংস্কৃতি চালু করা জরুরি।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ তরুণ-তরুণীদের সঙ্গে এই সংলাপে তিনি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। খন্দকার আবদুল মুক্তাদির তরুণদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিকে খারাপ মনে করে দূরে সরে থাকলে দেশের ভালো-মন্দের বিষয়ে তাদের মতামত ও সচেতনতা প্রক্রিয়ায় যুক্ত হবে না। তিনি তরুণদের রাজনীতিতে অংশ নেওয়া অথবা রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকারের নীতি নির্ধারণে তরুণদের পরামর্শ কাজে লাগাতে হবে। ভবিষ্যতে যে সরকারই আসুক, রাষ্ট্র পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের জ্ঞান ও মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের পরিবহন সংকট, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষাসহ নানা বিষয়ে তিনি তার মতামত তুলে ধরেন।

শেয়ার করুন