৩০ অক্টোবর ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
মাহফুজ কাউসার ছাদি : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মোহাম্মদ নুর আলম ও রোকসানা বেগম দম্পতির সন্তান মোঃ মোহাম্মদ আবদুর রহমান নুরের মৃত্যু হয়েছে। শিশুটির বাবা মোহাম্মদ নুর আলমের দাবি, তার ছেলের সামান্য ঠান্ডা লাগা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাকালীন সময়ে একজন নার্স তাকে একটি ওষুধ সেবনের পদ্ধতি বুঝিয়ে দেন এবং শিশুকে সেটি দিতে বলেন। কিন্তু নিরক্ষর হওয়ায় তিনি নার্সকে তার স্ত্রীকে পুনরায় ওষুধ সেবনের পদ্ধতিটি বুঝিয়ে দেওয়ার অনুরোধ করতেই নার্স ক্ষিপ্ত হয়ে তার সাথে খারাপ ব্যবহার করেন। তর্ক-বিতর্কের একপর্যায়ে নার্স তাকে বলেন, “আমি আপনাকে দেখে নিব”। এরপর সেই নার্স একটি ইনজেকশন শিশুর দেহে পুশ করলে সাথে সাথেই শিশুটি মৃত্যুবরণ করে।
ঘটনাটি সিলেটের কালীঘাট কামালগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ নুর আলম ও রোকসানা বেগমের পরিবারের উপর গভীর শোকের ছায়া ফেলেছে। এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. কামরুজ্জামান পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের লিখিত অভিযোগ দায়ের করার অনুরোধ করেন। তিনি আশ্বাস দেন যে, অভিযোগ দায়ের করলে তিন থেকে চার কার্য দিবসের মধ্যে বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।