16 October 2025, 9:15 PM
স্টাফ রিপোর্টার : মোগলাবাজার থানায় প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা ভিত্তিক অ্যাপ ‘GenieA’ এর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১টায় মোগলাবাজার থানাধীন মখদ্দছ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সিলেট মোঃ সারওয়ার আলম এবং পুলিশ সুপার সিলেট জেলা মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘GenieA’ অ্যাপ চালু করা হয়েছে। এখন থেকে জনগণকে পুলিশের পেছনে দৌড়াতে হবে না, বরং পুলিশই জনগণের কাছে পৌঁছে যাবে। এক ক্লিকেই নাগরিকেরা সেবা পাবেন। তিনি বলেন, ‘GenieA’ অ্যাপে মাত্র একটি বাটনে চাপ দিলে একটি ইনসিডেন্ট তৈরি হবে, এরপরই একজন অফিসার নিয়োগ দেওয়া হবে। অফিসার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারী মেসেজ পাবেন এবং অ্যাপে দেখতে পারবেন যে অফিসার ‘on the way’। ঘটনাস্থলে পৌঁছানোর পরও তা অ্যাপে দৃশ্যমান থাকবে। ঘটনা সমাধান শেষে ‘case is resolved’ মেসেজ প্রদান করা হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে ‘Public Satisfaction’ অপশন যুক্ত করা হবে, যাতে সেবার মান সম্পর্কে মানুষের মতামত জানা যায় এবং প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করা যায়। জনগণের ভোগান্তি ও বর্তমান অসুবিধা দূর করতেই প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, যেকোনো ভুয়া রিপোর্ট বা ভুল তথ্য প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। অসত্য তথ্য বা ভুয়া ক্লিকের মাধ্যমে যেন পুলিশি কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এ সময় তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।