,

10 October 2025, 10:06 PM

গণিত উৎসবে সিলেটে ক্ষুদে শিক্ষার্থীদের মেলা

আপডেট টাইম : October 10, 2025 10:06 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : “গণিত নয় ভয়ের, গণিত হোক আনন্দের” এই স্লোগানকে ধারণ করে আজ (শুক্রবার) সিলেটে ফুলকুঁড়ি আসরের ৫ম গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। আট শতাধিক ক্ষুদে শিক্ষার্থীর অংশগ্রহণে সিলেট নগরীর আম্বরখানার মুহিবুর রহমান একাডেমিতে আয়োজিত এই ‘ক্ষুদে গণিত উৎসব ২০২৫’-এর পুরো সময় জুড়ে ছিল সংখ্যা, সূত্র আর সমাধানের আনন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার শিশুবিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা এবং ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক ও বিশিষ্ট শিশু সংগঠক মু. তৌহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং ফুলকুঁড়ি আসরের সংগঠকবৃন্দ।

চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা মোট পাঁচটি গ্রুপে এই প্রতিযোগিতায় অংশ নেয়। উৎসবে আয়োজিত বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল ‘গণিত অলিম্পিয়াড’, ‘ব্লাড গ্রুপিং’, ‘আর্ট এক্সিবিশন’, ‘প্রকাশনা স্টল’, ‘ফটোবুথ’ এবং ‘এসো ফুলকুঁড়ি জানি’। প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীরা উপভোগ করেন শেখার নিরবিচ্ছিন্ন আনন্দ।

উল্লেখ্য, ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশু-কিশোর সংগঠন, যা ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে দেশব্যাপী শিশু-কিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে । সংগঠনটি শিশু-কিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন ও সুস্থ দেহের অধিকারী, সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে । গত ৪ অক্টোবর ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে সংগঠনটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদ্যাপিত হয়েছে ।

শেয়ার করুন