বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ

প্রিন্ট মিডিয়ার চেয়ে অনলাইন মিডিয়া অনেক বেশী শক্তিশালী: বিচারপতি আব্দুল হাকিম

আপডেট টাইম : সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ



শেয়ার করুন

প্রিন্ট মিডিয়ার চেয়ে অনলাইন মিডিয়া এখন অনেক বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।তিনি বলেন,ফেসবুক,টুইটার সহ সামাজিক মাধ্যমগুলো গণমাধ্যমের কাছাকাছি চলে আসছে।

বুধবার সিলেটে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসনের সহযোগিতায় সিলেট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এই কর্মশালা দুটি পর্বে অনুষ্ঠিত হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পদ্মাসন সিংহের সভাপতিত্বে সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। এ প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলার ৪০ (চল্লিশ) জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি হাকিম বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় কাজ করতে হলে রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকের প্রকৃত পরিচয় তার পেশাগত দক্ষতা ও বস্তুনিষ্ঠতা। তিনি আরও বলেন, “কোনও অভিযুক্ত ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত অপরাধী প্রমাণিত হন, ততক্ষণ তাকে অপরাধী বলা অনুচিত। এটি ন্যায়বিচারের মৌলিক নীতি।

কর্মশালায় বিচারপতি এ কে এম আব্দুল হাকিম দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল এক্ট-১৯৭৪ এর প্রয়োগ বিষয়ে সেশন পরিচালনা করেন। এসময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকতার মত মহান ও গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া যাবে না।নৈতিকতাকে বিচ্যুত হওয়া মানেই অপসাংবাদিকতা। তিনি বলেন,রাজনৈতিক ও অন্যান্য পরিচয়ের উর্ধ্বে থেকে শুধু সাংবাদিক পরিচয়ে নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করতে হবে। সর্বোপরি দেশকে ভালোবেসে দায়িত্ব পালন করতে হবে।

সিলেটের ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি হযরত শাহজালাল (রহঃ)-এর পুণ্যভূমি, মুক্তিযোদ্ধা জেনারেল এমএজি ওসমানীর জন্মস্থান এবং বাউল সাধক আব্দুল করিমের মত মহান ব্যক্তিত্বের ভূমি।তিনি বলেন,যেকোন পেশায় দক্ষতা অর্জন করতে হলে ইতিহাস জানতে হবে।সাংবাদিকদের জন্য এর প্রয়োজনীয়তা আরো বেশী।তিনি যেকোন বিষয়ে জনগণকে প্রভাবিত করতে বা সমাজ সচেতন হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের আহবান জানান।

এরপর কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং সেগুলো দূরীকরণে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

এছাড়া কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর “বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব” বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. রেজাউল করিম বলেন,অনলাইন জুয়া, বুঙ্গা, ছিনতাই, ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। শহরের যানজট নিরসনে সিএনজি অটোরিকশার জন্য আলাদা মেট্রো নম্বর চালুর পরিকল্পনা রয়েছে।
ছিনতাই প্রতিরোধ, অপরাধীদের চিহ্নিত করা এবং অপরাধের প্রমাণ সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান,সিলেট বাংলাদেশের প্রথম একটি জেলা,যেখানে পুলিশের অন্তর্ভুক্তিমুলক প্রতিবেদনের মাধ্যমে ৬টি মামলায় মিথ্যা অভিযুক্ত ৩৯ জন নিরীহ মানুষকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।পর্যটক নগরীর ভাবমূর্তি রক্ষায় হোটেল-মোটেল এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন,দেশে কাজের সুযোগ তৈরী হয়েছে।এখন সুশাসন প্রতিষ্ঠার উদ্্যোগ নিতে হবে।এক্ষেত্রে পুলিশ,প্রেস ও জনগণ ঐক্যবদ্ধ থাকতে হবে।তরবারীর চেয়ে কলম শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন,সাংবাদিকদের লেখনীতে সমাজের পরিবর্তন সাধন হয়।তিনি পুলিশ ও গণমাধ্যমকর্মীদের দেশের উন্নয়নে যৌথভাবে কাজ করার আহবান জানান।প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দের মাঝে সনদ বিতরণ করেন।

শেয়ার করুন