১০ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
সিলেট খাজাঞ্চিবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আবেদা হককে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশটি জারি করেছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম এবং তিনি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আদেশে বলা হয়েছে, আবেদা হক প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরণের নিয়োগপত্র বা পদোন্নতি ছাড়াই স্বপ্রণোদিতভাবে জোরপূর্বক প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইন-চার্জ (নারী)-এর দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদ্যালয়ে কর্মরত অন্যান্য শিক্ষকদেরকে ভাইস প্রিন্সিপাল হিসেবে তাকে অভিনন্দন জানাতে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও, তিনি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট www.skisc.edu.bd-এ Vice-Principal in Charge Female পদবী হালনাগাদ করেন এবং সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকায় প্রেস রিলিজ প্রচার করেন। আদেশে উল্লেখ করা হয় যে, তার এই কার্যকলাপ দি খাজাঞ্চিবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সার্ভিস রুলস এবং রেগুলেশনের সম্পূর্ণ পরিপন্থী। তার এই কাজ বিদ্যালয়ের সামগ্রিক কর্মপরিবেশের জন্য ক্ষতিকর এবং ছাত্রছাত্রীদের সামনে আইনের প্রতি অমান্যতার নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে।
এমতাবস্থায়, প্রতিষ্ঠানের সার্ভিস রুলস এবং রেগুলেশনের Chapter-viii-এর 4 1(ii) বিধি লঙ্ঘনের অভিযোগে একই Chapter-এর 2 বিধিতে প্রদত্ত ক্ষমতাবলে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ থেকেও বারণ করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।