শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ

ছাতকের জিয়াপুর পশ্চিম পাড়ার মেয়ে তাসলিমা তামান্নার পিএইচডি ডিগ্রি অর্জন

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ



শেয়ার করুন

ছাতকের জিয়াপুর প্পশ্চিম পাড়ার মেয়ে তাসলিমা তামান্নার পিএইচডি ডিগ্রি অর্জন

ছাতকের কৃতিসন্তান তাসলিমা তামান্না আমেরিকার ‘American College Of Education’ থেকে ‘Education in Educational Leadership’ বিষয়ে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘Roles of School and District Leaders in Developing, Implementing, and Sustaining Character Education Programs in Public Schools’। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর পরগনা বাজার এলাকার কৃতি সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, তাসলিমা তামান্না ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী ও পরিশ্রমী ছিলেন। তিনি ২০০৭ সালে আমেরিকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘The City College of New York’ থেকে মেধাভিত্তিক ‘Cum Laude’ সম্মাননা সহ একই সাথে দুইটি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৮ সালে ‘American College Of Education’ থেকে মেধাভিত্তিক ‘Distinction’ সম্মাননা সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

যুগান্তকারী শিক্ষাজীবনের পাশাপাশি তাঁর কর্মজীবনও সাফল্যমণ্ডিত ও বর্ণাঢ্য। স্নাতক সম্পন্ন করার পর তিনি আমেরিকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বনামধন্য দাতব্য প্রতিষ্ঠান ‘Madison Square Boys & Girls Club’-এ ‘Education Director’ পদে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি আরেকটি দাতব্য প্রতিষ্ঠান ‘Champion Learning’-এ ‘Head Program Director’-এর দায়িত্ব পালন করেন। এরপর তার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাকে আমেরিকার স্বনামধন্য ইসলামিক স্কুল ‘Hamza Academy’-এর প্রিন্সিপালের দায়িত্ব অর্পণ করা হয়।

এ সময় তিনি তার কর্মদক্ষতা, অধ্যবসায়, নেতৃত্ব ও চারিত্রিক গুণের কারণে লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির মেয়রের কাছ থেকে বিশেষ সম্মাননা পদক অর্জন করেন। এছাড়াও শিক্ষাখাতে বিশেষ অবদান রাখার জন্য তাকে টাউন অফ হ্যাম্পস্টেড থেকে সম্মাননা পদক প্রদান করা হয়।

২০১৮ সালে উচ্চমানসম্পন্ন ও অনন্য চারিত্রিক শিক্ষা প্রদানের স্বপ্ন নিয়ে তিনি নিজে ‘ILM Foundation’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু করেন, যেখানে শিশুদেরকে চারিত্রিক, সামাজিক এবং ইসলামী ধর্মের আলোকে শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে স্কুলটিতে প্রায় ৬০ জন শিক্ষার্থী রয়েছে, যেখানে বাংলাদেশী ছাড়াও আমেরিকান, তুর্কি ও অন্যান্য দেশের মুসলিম শিক্ষার্থীরা অধ্যায়নরত আছে। এর পাশাপাশি তিনি ‘Connecticut Board of Education’-এ ‘School Board Advisor’ হিসাবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি কাজের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সমাজসেবার উদ্দেশ্যে বিনা পারিশ্রমিকে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্বামী এবং তিন সন্তানসহ আমেরিকার Connecticut-এ বসবাস করছেন। তিনি ছাতকের বিশিষ্ট সমাজসেবক, বিভিন্ন দাতব্য সংস্থা এবং রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ কমিউনিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বদানকারী এস এম জলিল ও হাফছা বি জলিল দম্পতির বড় মেয়ে।

তার এই অনন্য সাফল্য উদযাপনের জন্য গত ২৫ আগস্ট তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী একটি গ্র্যাজুয়েশন পার্টির আয়োজন করেন। এতে তার পরিবার, আত্মীয়-স্বজন, এলাকাবাসী, কমিউনিটি লিডার, তার ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। মেয়ের এই কৃতিত্বের জন্য মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া জানিয়েছেন তাসলিমা তামান্নার গর্বিত পিতা আলহাজ্ব এস এম জলিল। তাঁর মেয়ের সাফল্যের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন তিনি।

শেয়ার করুন