,

4 August 2025, 9:13 PM

সিকৃবির কর্মচারী অর্পনা কুমারী নিয়োগ অনিয়মে চাকরিচ্যুত

আপডেট টাইম : August 4, 2025 9:13 PM



শেয়ার করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের বুক সর্টার অর্পনা কুমারীকে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও তাঁর জবাব বিবেচনা করে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ‘কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০২৩ (সংশোধিত)’ এর ৪(২) ধারা অনুযায়ী অর্পনা কুমারীকে “Removal from service” করা হয়েছে। তদন্তে তাঁর বিরুদ্ধে চাকরিতে যোগদানের সময় নির্ধারিত বিধি ও যোগ্যতা উপেক্ষা করে অনিয়মতান্ত্রিক উপায়ে নিয়োগ পাওয়ার অভিযোগ প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদন সিন্ডিকেটের ৪৮তম সভায় উপস্থাপন করা হলে, গত ৩১ মে ২০২৫ তারিখে সিন্ডিকেটের সিদ্ধান্ত নং ৪৮.৯(চ) অনুযায়ী তাঁকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে অর্পনা কুমারীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তবে তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় স্থায়ী বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, এই অপসারণ আদেশ ০৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে সরকারি নিরীক্ষা দল বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আর্থিক নিরীক্ষায় অর্পনা কুমারীর দায়িত্বকালীন সময়ে কোনো আর্থিক দায়-দেনা পাওয়া গেলে তার দায়ভার তাঁকেই বহন করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জোর দিয়ে জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম বা অপেশাদারিত্বের মতো তথ্য পাওয়া গেলে অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন