৩১ আগস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : সিলেট শহরের মেজরটিলা জামে মসজিদে ইমাম মাওলানা শরীফ উদ্দীনকে হুমকি দেওয়ার মাধ্যমে গত শুক্রবার জুমার নামাজ পড়াতে বাধা সৃষ্টি করা হয়েছে। মসজিদটি সিলেট সরকারী কলেজ ছাত্রাবাস সংলগ্ন শ্যামলী আবাসিক এলাকায় অবস্থিত। ইমাম সাহেবের ওপর এই হুমকির ফলে স্থানীয় মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও অস্বস্তির সৃষ্টি হয়েছে।
ইমাম মাওলানা শরীফ উদ্দীন গত শুক্রবারের আগে পারিবারিক অসুবিধার কারণে ছুটিতে ছিলেন। এ সময় এলাকার জাহেদ নামের এক যুবক ইমাম সাহেবকে টেলিফোনে মধ্যে হুমকি দিয়ে বলেন, “আপনি শুক্রবারে নামাজ পড়াতে আসবেন না, আসলে সমস্যা হবে। ” এই হুমকির কারণে ইমাম শরীফ উদ্দীন নিরাপত্তাহীনতা বোধ করায় শুক্রবারে মসজিদে নামাজ পড়াতে আসেন নি।
মসজিদের সভাপতি ডাঃ মামুনুর রশীদ এই ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান। তিনি বলেন, “ইমাম সাহেব খুবই ভালো মানুষ, তিনি ৬ বছর ধরে আমাদের মসজিদে ইমাম হিসেবে রয়েছেন। তাঁকে কেন্দ্র করে এলাকায় কোন সমস্যা নেই।” তবে মসজিদের সেক্রেটারি শামসুদ্দিন ফারুক হুমকির ঘটনাটি নিশ্চিত করেছেন।
হুমকিদাতা জাহেদ নিজেই তার কর্মকাণ্ড স্বীকার করেছেন। তিনি বলেছেন, “এটি সত্য যে আমি ইমাম সাহেবকে শুক্রবারে নামাজ পড়াতে নিষেধ করেছি। কারণ, ইমাম সাহেবকে কেন্দ্র করে এলাকায় সমস্যা রয়েছে। এতে এলাকার মানুষ দুটি গ্রুপে বিভক্ত। যদি তিনি নামাজের ইমামতি করতে আসতেন, তাহলে এলাকায় সমস্যা তৈরি হতে পারতো।”
এই ঘটনায় স্থানীয় মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই জুমার নামাজ পড়াতে বাধা দেওয়া ও ভয় দেখানোর নিন্দা জানিয়েছেন এবং কর্তৃপক্ষের কাছে মসজিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।