২ জুলাই ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ণ
১ জুলাই (মঙ্গলবার) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল রাফিন সরকারের সভাপতিত্বে এ সভায় সিলেটের করোনা পরিস্থিতি ও প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিলেটে করোনার ভ্যাকসিন গ্রহণের হার ৮০ শতাংশের বেশি, যা এন্টিবডি গঠনে সহায়ক হয়েছে। তিনি বলেন, সিলেটবাসী স্বাস্থ্যবিধি মেনে চলায় সংক্রমণের হার কম। তবে পরিস্থিতির অবনতি ঘটলে মোকাবিলায় প্রস্তুত থাকার কথা উল্লেখ করেন তিনি।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮১ জনের করোনা পরীক্ষা করে ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন, যা শনাক্তের হার ৬ শতাংশেরও কম। এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন ও আইসিইউ শয্যা এবং করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট প্রস্তুত রাখা হয়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল রাফিন সরকার বলেন, সিলেটে করোনার সংক্রমণ কম থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মুহাম্মদ ফজলুল কাদের, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন, সীমান্তিকের উপনির্বাহী পরিচালক মো. পারভেজ আলম, ইউনিসেফের কনসালট্যান্ট ডা. নভোঃজ্যোতি দেব, মো. হুমায়ূন কবীর, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন এবং জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ।