শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ জুন ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ

কমনওয়েলথ চার্টার কর্মশালার উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট টাইম : জুন ২৩, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ



শেয়ার করুন

ঢাকার লেক সোর হাইটস হোটেলের সম্মেলনকক্ষে আজ (সোমবার, ২৩ জুন ২০২৫) কমনওয়েলথ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কমনওয়েলথ সনদ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ কর্মশালায় ঢাকা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং মিডিয়া ব্যক্তিত্বসহ প্রায় ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কমনওয়েলথ সনদ গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি সম্মিলিত বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। এটি ৫৬টি দেশের ২.৫ বিলিয়ন মানুষের জন্য নৈতিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে। ২০১৩ সালে গৃহীত হওয়ার পর থেকে এ সনদ সদস্য রাষ্ট্রগুলোতে শান্তি ও সম্প্রীতির ভিত্তিতে মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গঠনে ভূমিকা রাখছে।

তিনি বলেন, গত ১৬ বছরে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় মতপ্রকাশের স্বাধীনতা দমন করা হয়েছিল, ভোটাধিকার অস্বীকার করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এবং বড় আকারের দুর্নীতি ও অর্থপাচার দেশের সম্পদ নিঃশেষ করেছিল। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠনের পর এগারোটি সংস্কার কমিশন কাজ করছে। নাগরিক সমাজ, বিশেষজ্ঞ, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে ১২১টি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন অন্যান্য সংস্কারের পরিধি ও সময়সীমা নির্ধারণ এবং ‘জুলাই সনদ’ চূড়ান্তকরণে কাজ করছে, যা বাংলাদেশকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নেবে।

উপদেষ্টা আরও বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে গণতন্ত্র আর সংকুচিত হবে না, মানুষের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা সুরক্ষিত থাকবে। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, কমনওয়েলথ সনদের মূল্যবোধ—গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও আইনের শাসন সম্পর্কে জানার মাধ্যমে যুবসমাজ জাতি গঠনে অর্থপূর্ণ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, কমনওয়েলথের অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর লুইস ফ্রানসিস এবং মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন