11 May 2025, 7:21 PM
ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে কিছু স্থবিরতা দেখা দিয়েছিল, তবে বর্তমানে মন্ত্রণালয় ক্রীড়াক্ষেত্রকে সক্রিয় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি জানান, বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ভেঙে দেওয়া ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের কাজও এগিয়ে চলেছে। তিনি বলেন, “আমরা এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে ক্রীড়া ফেডারেশন ও সংস্থাগুলো পূর্ণরূপে কার্যক্রম শুরু করেছে। ক্রীড়াক্ষেত্র আবারো পুনর্জীবিত হচ্ছে।”
উপদেষ্টা আরও উল্লেখ করেন যে খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং সুন্দর জীবন গড়তে সহায়তা করে। তিনি স্বীকার করেন যে স্পোর্টস সেক্টরে বাজেটের কিছু স্বল্পতা রয়েছে, তবে ক্রীড়াক্ষেত্রে বাজেট বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে, যার সুষ্ঠু বণ্টনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রগুলোকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ সময় তিনি বিভিন্ন কর্পোরেশন ও ব্যবসায়ীদের ক্রীড়া খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, “আমাদের তরুণ প্রজন্ম যদি সুন্দরভাবে গড়ে ওঠে, তবে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারবো।”
বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে ৯ থেকে ১১ মে ২০২৫ পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস সংস্থার ৮৭টি দলের ২১টি ওজন শ্রেণিতে ৫১৭ জন পুরুষ ও ২২৩ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন। এছাড়া ম্যানেজার ও কোচ ২৬১ জন এবং রেফারি ও জাজ ৮০ জনসহ মোট ১০৮১জন এই প্রতিযোগিতায় সংশ্লিষ্ট ছিলেন।