,

16 March 2025, 12:37 PM

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকথা নিয়ে আসিফ মাহমুদের নতুন বই প্রকাশ

আপডেট টাইম : March 16, 2025 12:37 PM



শেয়ার করুন

আলোকিত সিলেট ডেস্ক:  অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রচিত নতুন বই ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ এর প্রকাশনা অনুষ্ঠান আজ শনিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বইটিতে জুলাই গণ-অভ্যুত্থানের নানা ঘটনাপ্রবাহ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং ঐতিহাসিক মুহূর্তগুলোর বর্ণনা উঠে এসেছে।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বইটির রচয়িতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, “আমার চোখে জুলাই গণ-অভ্যুত্থানের নানা ঘটনাপ্রবাহ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, জানা-অজানা অনেক কিছু পাবেন এই বইতে। সময় স্বল্পতার কারণে অনেক বিস্তারিতভাবে লেখার সুযোগ পাইনি। জুলাই গণ-অভ্যুত্থানে দেশের নানা প্রান্তে আন্দোলনকে সংগঠিত করা, পরিচালনা করা সকলের প্রতি আহ্বান থাকবে আপনারাও লিখুন।” তিনি আরও যোগ করেন, “সবার গল্পগুলো আসলেই আগামী প্রজন্ম জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত এবং সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন।”

‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ বইটি জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গের ভূমিকা এবং সাধারণ মানুষের অংশগ্রহণের গল্পগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে। বইটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

শেয়ার করুন