১৫ জুন ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক গোলজার আহমদ হেলাল বলেন, সিলেট-৪ আসনের উন্নয়ন, জনসেবা এবং মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাই তাঁর জীবনের ব্রত। তিনি উল্লেখ করেন যে, এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে প্রতারিত, শোষিত, নিপীড়িত ও বঞ্চিত হচ্ছে। এই অবহেলিত ও পিছিয়ে পড়া এলাকার বিশাল জনগোষ্ঠীর উন্নয়ন এখন অত্যন্ত জরুরি।
তিনি বৃহত্তর জৈন্তিয়াবাসীর দীর্ঘদিনের দাবিগুলোর প্রতি গুরুত্বারোপ করে বলেন, ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান, পরিবেশবান্ধব উপায়ে পাথর কোয়ারি খোলা ও অবৈধ লুটপাট বন্ধ, পর্যটন শিল্পের বিকাশ ও নৈসর্গিক সৌন্দর্য রক্ষা, তিন উপজেলায় পৌরসভা প্রতিষ্ঠা, ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, হাওর ও জলাশয় রক্ষা, সবুজ মাঠ ও বনায়ন কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা, শিল্পপ্রতিষ্ঠানগুলোতে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া এবং স্থানীয় উন্নয়নে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার মতো বিষয়গুলোতে তিনি ভূমিকা রাখবেন।
গোলজার আহমদ হেলাল আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, দরিদ্রদের সহায়তা ও আর্তমানবতার সেবায় নিবেদিত রয়েছেন। করোনা, বন্যা, দুর্যোগ ও মহামারিসহ বিভিন্ন সংকট ও দুঃসময়ে তিনি নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। নতুন বাংলাদেশ গঠনে সিলেট-৪ আসনের প্রতিটি মানুষের আশা-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কাজ করতে চান তিনি। বৈষম্যহীন সমাজ ও দেশ গঠনকে তাঁর মূল উদ্দেশ্য হিসেবে বিবেচনা করে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে তিনি অঙ্গীকারবদ্ধ।
এছাড়াও, প্রবাসীদের সম্পদ রক্ষণাবেক্ষণ, শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের কর্মমুখী শিক্ষা ও কারিগরি প্রকল্পে সম্পৃক্ত করা এবং সিলেট-৪ আসনের মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে চলেছেন বলে তিনি প্রতিবেদককে জানান।