২৭ মে ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আনন্দঘন পরিবেশে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “আগামীর কৃষিবিদরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” ২৬ মে সোমবার ভর্তি কার্যক্রম উদ্বোধন শেষে তিনি বলেন, ভর্তিকৃত শিক্ষার্থীরা প্রত্যেকই মেধাবী এবং তারা শিক্ষা ও গবেষণায় তাদের মেধার স্বাক্ষর রাখবে। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন থেকেই পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেন, যাতে তারা বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারে।
সিকৃবি সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, ২৬ মে থেকে ২৮ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
এবার কৃষি গুচ্ছের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।