১৬ মে ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ণ
সময়ের প্রয়োজনে ভেটেরিনারি চিকিৎসা আধুনিকায়ন করতে হবে: সিকৃবি ভিসি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নানা আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। ১৫ মে (বৃহস্পতিবার) এই দিবস উপলক্ষে বর্ণাঢ্য র ্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে র ্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সামনে সমাপ্ত হয়। র ্যালিতে বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনাটমি ও হিস্টোলজি বিভাগের সহকারী প্রফেসর ডা. আঁখি পালের সঞ্চালনায় এবং মাইক্রোবায়োলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম এবং সিলেট জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. মোঃ আহসান হাবিব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেটেরিনারি পেশা শুধু পশু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, তাই এই খাতের উন্নয়নে দক্ষ ও মানবিক ভেটেরিনারিয়ানদের ভূমিকা অপরিসীম।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, এবারের প্রতিপাদ্য ‘Animal Health Takes a Team’ আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রাণিস্বাস্থ্য রক্ষা শুধু একজন ভেটেরিনারিয়ানের দায়িত্ব নয়, বরং এটি একটি সমন্বিত দলীয় প্রচেষ্টা। তিনি ‘One Health’ ধারণার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য পরস্পর সম্পর্কিত। জুনোটিক রোগের মাধ্যমে প্রাণীর অসুস্থতা মানুষের মধ্যে ছড়ালে তা সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এজন্য দক্ষ ভেটেরিনারিয়ান তৈরি, ভেটেরিনারি চিকিৎসার আধুনিকায়ন এবং গবেষণার ফল মাঠ পর্যায়ে প্রয়োগের ওপর তিনি জোর দেন।