,

14 May 2025, 10:46 PM

মানবপাচার সারা পৃথিবীর জন্য একটি চ্যালেঞ্জ অতিরিক্ত সচিব মাহাবুবুর রহমান

আপডেট টাইম : May 14, 2025 10:46 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ) খন্দকার মোঃ মাহাবুবুর রহমান বলেছেন, মানবপাচার সারা পৃথিবীর জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশ মানবপাচারের উৎস ও ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশের নারী ও শিশুরা মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে পাচারের শিকার হচ্ছে, আক্রান্ত হচ্ছে। বহুমুখী কারণ থাকলেও সাধারণত শ্রম অভিবাসনের আড়ালে এটি সংঘটিত হয়। শিকারকৃত ব্যক্তি দাসত্বের শৃংখলে আবদ্ধ হয়।

তিনি বুধবার (১৪ মে) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এর সম্মেলন কক্ষে মানব পাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো (NRM) বিষয়ক বিভাগীয় পর্যায়ে শেয়ারিং ও ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ মানব পাচার সংক্রান্ত এ কমর্শালাটির আয়োজন করে।

সিলেটের বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) খান মো: রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোঃ মাহাবুবুর রহমান আরো বলেন,আমাদেরকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সবুজ পাসপোর্ট দেখলে অন্যান্য দেশের মানুষ কম গুরুত্ব দেয়। তিনি বলেন মানব পাচারে শিকার ব্যক্তির সুরক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি মানবপাচার প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তির সহায়তায় গণসচেতনতা গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান,সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: রেজাউল করিম পিপিএম-সেবা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব, যুগ্ম সচিব) দেবজিৎ সিংহ। জাতীয় রেফারেল কাঠামোর উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ, কে, এম, মাসুদ আলী, মানব পাচার পরিস্থিতি বাংলাদেশ প্রেক্ষিত বিষয়ে আলোচনা রাখেন, জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো: আমিনুল ইসলাম।শুরুতে কর্মশালার উদ্দেশ্য উপস্থাপন করেন উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের আশ্বাস প্রকল্পের পলিসী এন্ড এ্যাডভোকেসী স্পেশালিস্ট মৃন্ময় মহাজন।

জাতীয় রেফারেল মেকানিজম এর কাঠামো ও বাস্তবায়ন, নির্দেশনা ও উপস্থাপনা শীর্ষক বিষয়ে মতামত ব্যক্ত ও আলোচনায় অংশ নেন, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেটের পিপি এডভোকেট আশিক উদ্দিন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল,আকবেট এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম প্রমুখ।

কর্মশালায় সিলেট বিভাগের জেলা সমুহের জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপার গণ,বিজিবি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বৃন্দ,বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান গণ, এনজিও কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের অন্যান্য পদস্থ অফিসারগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন