বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ মে ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

শাহজালাল তাওহিদি কাফেলার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক, ওরসে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি

আপডেট টাইম : মে ৬, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটের ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগের পবিত্র স্থান হযরত শাহজালাল (রাহ.) মাজারে এবারের ওরসে সকল শিরক-বিদআত, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) প্রশাসনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলার নেতৃবৃন্দ এই বৈঠকে অংশগ্রহণ করেন। এসএমপি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ বৈঠকে পুলিশ প্রশাসন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

বৈঠকে শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলার নেতৃবৃন্দ বলেন, হযরত শাহজালাল (রাহ.)-এর মিশন ছিল এই অঞ্চল থেকে শিরক-বিদআত ও পাপাচার দূর করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, এই মহান ওলির মাজারকেই একটি অসৎ গোষ্ঠী অনৈতিক ও অসামাজিক অপকর্মের কেন্দ্রস্থলে পরিণত করেছে। সিলেটবাসী এসব অপ্রীতিকর ঘটনা বন্ধে ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। তাই তারা এবারের ওরসে যেকোনো ধরনের অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড রোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সামাজিক অশৃঙ্খলা ও অস্থিরতা দূর করা পুলিশের প্রধান দায়িত্ব। তারা এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবে এবং শীঘ্রই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বৈঠকের শেষে শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলার নেতৃবৃন্দ তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করেন। এসএমপি কমিশনারের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) মুহাম্মদ মাসুদ রানা (পিপিএম-সেবা)।

বৈঠকে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম (সদর ও প্রশাসন), উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. তারেক আহমেদ (সিসিটিসি-পিওএম), মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এসএসপি কমিশনারের স্টাফ অফিসার এএসপি মো. মুহিদুর রহমান।

শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলার পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও সিলেটের বর্ষীয়ান আলেম মাওলানা মুশতাক আহমদ খান, উপদেষ্টা নুমানী চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক ও দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, যুগ্ম-আহ্বায়ক দারুল হুদা মাদ্রাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, যুগ্ম-সদস্যসচিব দারুল ফালাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ শিব্বির আহমদ, অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা এবং মুফতি মনসুর আহমদ প্রমুখ।

স্মারকলিপিতে উল্লিখিত তিনটি দাবির মধ্যে রয়েছে —শাহজালাল (রাহ.) মাজার প্রাঙ্গণে সাজদা, অশ্লীলতা ও গান-বাজনা বন্ধ করা, মদ ও গাঁজার আসর না বসানো, ধর্মপ্রাণ মানুষের জিয়ারত ও ইবাদাতের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা।

শেয়ার করুন