,

20 April 2025, 9:22 PM

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে উদ্বেগে কৃষকেরা

আপডেট টাইম : April 20, 2025 9:22 PM



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরাঞ্চলে এখন বোরো ধান কাটার ব্যস্ততা। একদিকে কৃষকরা ফসল কাটায় ব্যস্ত, অন্যদিকে কেউ কেউ কাটা ধান মাড়াই করছেন। অনেকে খলায় ধান শুকানোর কাজে রত। কৃষকদের পরিশ্রমে উৎপাদিত নতুন ধানের গন্ধে চারদিক ম ম করছে। বৈশাখ মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। চাষিদের মুখে হাসি থাকলেও তাদের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) থেকে সপ্তাহজুড়ে উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমন পূর্বাভাসে দিরাইয়ের কৃষকদের মধ্যে উদ্বেগে বাড়ছে। এ অবস্থায় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কৃষকদের দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছেন।

উপজেলার ভরাম হাওরের কৃষক আব্দুল মালেক বলেন, “হাওরে ধান কাটা জোরেশোরে শুরু হয়েছে, তাই শ্রমিক সংকট দেখা দিয়েছে। এক মন ধানের বিনিময়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। হারভেস্টার মেশিনের ভাড়াও বেড়েছে—বিঘাপ্রতি ২,০০০ থেকে ২,৫০০ টাকা।” তিনি আরও বলেন, “১০-১৫ দিন সময় পেলে ধান কাটা শেষ করা সম্ভব।”

চাপাতির হাওরের কৃষক রমেশ দাস বলেন, “আকাশের মেঘের অবস্থা দেখে শিলাবৃষ্টির আশঙ্কা করছি। উপজেলা প্রশাসনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। পাকা ধান ঘরে তোলা নিয়ে আমরা শঙ্কিত।”

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, “এবার উপজেলায় ৩০ হাজার ১৭৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকায় কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাকা ধান যত দ্রুত সম্ভব কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, কৃষকরা তাদের পরিশ্রমের ফসল নিরাপদে ঘরে তুলতে পারবেন।

বর্তমানে সার্বিক পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় ভালো থাকলেও আবহাওয়ার অনিশ্চয়তা কৃষকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন