বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ এপ্রিল ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ

সিকৃবিতে আন্তঃলেভেল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত; বিজয়ী ২৬ তম ব্যাচ

আপডেট টাইম : এপ্রিল ১৬, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদীয় আন্তঃলেভেল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ২৭তম ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ২৬তম ব্যাচ। এতে ফাইনালের সেরা বিতার্কিকের পুরস্কার লাভ করেন ২৬তম ব্যাচের সাইমা ইফফাত রহমান মিম।

বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৩টায় বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) কর্তৃক আয়োজিত আন্তঃভেটেরিনারি স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক পর্ব হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি ছাত্র সমিতির পৃষ্ঠপোষকতায় এই আন্তঃলেভেল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংসদীয় পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতার সিকৃবি পর্বে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজয়ী দলসহ মোট পাঁচ সদস্যের একটি দল ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তঃভেটেরিনারি স্কুল বিতর্ক প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী বলেন, “বিভিএকে ধন্যবাদ জানাই এমন ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম আয়োজনের জন্য। আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত দল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় ভালো করবে। এ ধরনের সৃজনশীল আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।”

ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। এছাড়াও, আন্তঃলেভেল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫-এর কোঅর্ডিনেটর প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. মোঃ মোহন মিয়া, অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন