বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ এপ্রিল ২০২৫, ৩:৩৫ অপরাহ্ণ

নতুন বাংলাদেশের মালিকানা হবে সকল মানুষের: বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

আপডেট টাইম : এপ্রিল ১৪, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, বাংলাদেশের মালিক হলো দেশের জনগণ। সেই মালিকানা মানুষের কাছে পৌঁছে দেওয়াই রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, “রাষ্ট্র হবে সকলের, এবং সবাই এর অংশীদারিত্ব পাবে। এই লক্ষ্যে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।”

সোমবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রাক্কালে তিনি এসব কথা বলেন। তিনি সিলেটবাসীকে জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার তাগিদ দেন।

তিনি বলেন, “জুলাই-আগস্টে শুরু হওয়া পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যার মালিকানা হবে সকল মানুষের। বাঙালি জাতি শান্তিপ্রিয় কিন্তু সংগ্রামী; তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আজও আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করছি।”

সকাল সাড়ে ৭টায় জাতীয় সঙ্গীত ও বৈশাখী সঙ্গীত ‘এসো হে বৈশাখ’-এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আনন্দ শোভাযাত্রা সার্কিট হাউজ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে সুবিদবাজারের ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবর্ণা সরকার, প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, ট্যাক্সেশন অফিসার জামিলুর রহমান ও শিক্ষা কর্মকর্তা মো. তুতিউর রহমানসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা।

রেজা-উন-নবী বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সার্বজনীন উৎসবের মাধ্যমে আমরা বৈশাখী চেতনা ছড়িয়ে দেব। রাষ্ট্রীয় কর্মসূচির মাধ্যমে সিলেটের বর্ষবরণকে বিশ্বব্যাপী তুলে ধরা হবে।”

শেয়ার করুন