,

14 March 2025, 4:56 AM

ওসমানীনগরে পাঁচশত বছরের প্রাচীন কবরস্থানে নাম ফলক স্থাপন, এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা

আপডেট টাইম : March 14, 2025 4:56 AM



শেয়ার করুন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভেরুখলা গ্রামে পাঁচশত বছরের প্রাচীন পাঞ্চায়েতি কবরস্থানের গেইটে নাম ফলক স্থাপন করা হয়েছে। গত ১২ মার্চ দুপুরে এই নাম ফলক স্থাপন অনুষ্ঠানে গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এই উদ্যোগে তারা আনন্দিত ও গর্বিত।

নাম ফলক স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেরুখলা মসজিদ কমিটির সাবেক মোতোয়ালি রফু মিয়া, বর্তমান ক্যাশিয়ার মো: আবুল কালাম, মসজিদ কমিটির সদস্য মো: ইসহাক মিয়া, প্রবীণ মুরব্বি আব্দুল মোতলীব, হাজি সানুর মিয়া, মন্তাজ উল্লা, কাচা মিয়া, আনহার মিয়া, সাদেক মিয়া, আব্দুল জলিল, বিলাল মিয়া, আনহাট মিয়া সহ আরও অনেকে।

অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে সাবেক মোতোয়ালি রফু মিয়া বলেন, “এক সময়ের উত্তাল ভরাং নদীর কূলঘেঁষা আমাদের ঐতিহ্যবাহী ভেরুখলা গ্রামের পাঞ্চায়েতি কবরস্থান দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে ছিল। বর্তমানে গ্রামের যুবসমাজ ও সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই প্রাচীন কবরস্থানের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এতে এলাকার উন্নয়নও ত্বরান্বিত হয়েছে।”

বর্তমান ক্যাশিয়ার মো: আবুল কালাম বলেন, “এক সময় আমরা সবাই এই কবরস্থানের বাসিন্দা হয়ে যাব। মুসলমান হিসেবে দেহে প্রাণ থাকতে কবরস্থানের উন্নয়নসহ সকল ভালো কাজে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব।”

এলাকাবাসীরা জানান, এই কবরস্থানটি পাঁচশত বছরেরও বেশি পুরনো। এটি শুধু একটি কবরস্থানই নয়, গ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। নাম ফলক স্থাপনের মাধ্যমে এই ঐতিহাসিক স্থানের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই কবরস্থানের আরও উন্নয়ন করা হবে এবং এটি এলাকার গর্ব হিসেবে টিকে থাকবে।

এই উদ্যোগে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, “আমরা আমাদের পূর্বপুরুষদের স্মৃতিকে সম্মান জানাতে পেরে গর্বিত। এই কবরস্থান আমাদের ঐতিহ্যের অংশ, এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”

শেয়ার করুন