,

10 March 2025, 10:58 PM

জৈন্তাপুরে ফার্মেসীতে সন্ত্রাসী হামলায় শিক্ষক আহত, উত্তপ্ত এলাকা

আপডেট টাইম : March 10, 2025 10:58 PM



শেয়ার করুন

ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে সন্ত্রাসীদের হামলায় এক শিক্ষক আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার স্টেশন বাজার এলাকায় জোঁহুরা ফার্মেসীতে এ হামলা চালানো হয়। এ ঘটনায় সারিঘাট হাই স্কুলের ইংরেজি শিক্ষক এম এ করিম (৩৫) গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার বাউরভাগ মৌল্লিফৌদ গ্রামের হারুনুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে আহত শিক্ষক আবদুল করিম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান জোঁহুরা ফার্মেসীতে বসা ছিলেন। এ সময় স্থানীয় ডিআই চালক জাহেদ ও তার সহযোগীরা ইউনুস আলি নামে এক যুবকের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রাণভয়ে ইউনুস আলি করিমের ফার্মেসীতে আশ্রয় নেন।

শিক্ষক করিম বিষয়টি জানতে চাইলে জাহেদ ও তার সহযোগীরা তার ওপর চড়াও হয়। তারা দেশীয় অস্ত্র নিয়ে করিম ও ইউনুস আলিকে মারধর করে এবং ফার্মেসীতে ব্যাপক ভাঙচুর চালায়। আহত অবস্থায় স্থানীয়রা করিম ও ইউনুস আলিকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে করিমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে, শিক্ষকের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তাপ ছড়িয়ে পড়ে। বাসস্ট্যান্ডে সাধারণ মানুষ জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান। ইফতারের পর জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চেয়ারম্যান ফখরুল ইসলাম সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন