৪ মার্চ ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ
এমরান আহমদ : মৌলভীবাজারের বড়লেখায় চকলেট কিনতে গিয়ে নৃশংসতার শিকার হয়েছে মাত্র তিন বছরের একটি শিশু। সোমবার (৩ মার্চ) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা-আইলাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
জানা যায়, শিশুটি তার মায়ের সঙ্গে বড়লেখা পৌর এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। ঘটনার দিন সকালে সে চকলেট খাওয়ার বায়না ধরলে মা তাকে ৩০ টাকা দিয়ে নিচের দোকানে পাঠান। কিন্তু বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও শিশু ফিরে না আসায় মা নিচে গিয়ে দেখেন— দোকান মালিক রেদওয়ান ইসলাম আরিফ শিশুটির পরনের পোশাক খুলে পাশবিক নির্যাতন চালাচ্ছে!
সন্তানের এমন ভয়াবহ অবস্থা দেখে মা চিৎকার দিয়ে শিশুটিকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই পাশবিক ঘটনার পরপরই অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, শিশুটির মায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
শিশুটির সুস্থতা ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। শিশুর নিরাপত্তা ও অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।