22 January 2025, 1:52 AM
যেকোনো অন্যায়, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই জুলাই বিপ্লবের মূল চেতনা
————————————————————–
জুলাই বিপ্লবে আহত এবং শহিদ পরিবারের অংশগ্রহণে নূরজাহান কলেজে ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভায় বক্তারা
—————————————————————-
সরকারি নির্দেশনা মোতাবেক সিলেটের অন্যতম নারীশিক্ষা প্রতিষ্ঠান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে ০১লা জানুয়ারি থেকে চলছে পাঁচ সপ্তাহ ব্যাপি ফ্যাসিবাদ বিরোধী তারুণ্যের উৎসব। জুলাই বিপ্লবে আহত এবং শহিদ পরিবারের অংশগ্রহণে
৩য় সপ্তাহের শেষ দিনে আজ (২১ জানুয়ারি ) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা।
কলেজ অধ্যক্ষ মো নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক এম. এ আজিজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক এম. এ বায়েছ।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সিলেটের শহিদ সাংবাদিক আবু তুরাবের গর্বিত বড় ভাই আবুল আহসান, বৈষম্য বিরোধী ছাত্রগণ আন্দোলনে আহত এমএজি ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস ৩য় বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান, শাবিপ্রবি গেটে আহত শিক্ষক রাজু আহমদ এবং দক্ষিণ সুরমার আহত তরুণ সাব্বির আহমদ। জুলাই বিপ্লবের মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরে প্রত্যেকে নিজ নিজ স্মৃতিচারণ করেন। এ সময় সভাস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সভায় বক্তারা ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “ফ্যাসিবাদী আমলে সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম ও দুর্নীতির যে শক্ত ভিত্তি গড়ে ওঠেছে তা নির্মূল করতে হবে এবং জুলাই বিপ্লবের মূল চেতনা হিসেবে যেকোনো অন্যায়, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ”
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, কলেজের শিক্ষকমণ্ডলী, আজকের সিলেট’র রিপোর্টার সুহেল মিয়া, ওসমানী মেডিকেল কলেজের বৈষম্য বিরোধী সংগঠক মাহিনুর আলম প্রমুখ।
জুলাই বিপ্লবে শহিদ এবং আহতদের কল্যাণ কামনা করে আলোচনা সভার শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রভাষক ইমান আলী ইমন।