২৪ এপ্রিল ২০২৩, ৭:০২ অপরাহ্ণ
তুফ্ফাহুল জান্নাত মারিয়া: আমাদের দেশের মানুষ যতরকম ছোটলোকি করে তার মধ্যে অন্যতম হলো বিয়ের অনুষ্ঠান। ঈদের পরই লেগেছে বিয়ের ধুম কিন্তু এত বছর বয়সেও ঝামেলাবিহীন বিয়ে দেখলাম না।
দাওয়াত নিয়ে বরের খালু রাগ করেছে আসবে না ওদিকে মেয়ের ফুপা হাজারটা দোষ ধরে বসে আছে সেও আসবে না ।
বরের মেয়ে পছন্দ হলেও বরের খালাদের মেয়ে পছন্দ হয়নি কারণ মেয়ের নাক বোঁচা। ওদিকে বউয়ের ফুপুদের পছন্দ হয়নি বরের বাড়ি। মানে বর বউ ঠিক থাকলেও পরিবারের মানুষ এখানে তোলপাড় করে ফেলে।
বিয়ের গেট ধরা নিয়ে সমস্যা, ওদিকে খাবার পছন্দ হয়নি বলে চেয়ার ভাঙা। বিয়ের সাজের জিনিস কমদামী কেন এই নিয়ে বউয়ের বোনদের মুখভার।
বউয়ের বাড়ি থেকে কী দিল সেই নিয়ে শুরু হবে চাচীদের কানাঘুষা। বরের বাড়ি থেকে কী কী গিফট দিল সেই নিয়ে শুরু হবে বউয়ের বাড়ির মামীদের সমালোচনা। মানে যা তা অবস্থা।
তারপর শুরু হয় যে যত খাবার নষ্ট করতে পারে সেই প্রতিযোগিতা কারণ গিফট দিয়েই তো দাওয়াতে এসেছে তাই এখানে খাবার নষ্ট করে উসুল করতে হবে। দেনমোহর নিয়ে ক্যাঁচাল , যৌতুক নিয়ে মারামারি।
এখানে নতুন আত্মীয়তা শুরু হয় অনেকের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, মুখ দেখাদেখি বন্ধ করে। নতুন আত্মীয়দের সাথে খোঁচাখুঁচি, গালাগালি করে এইখানে সম্পর্কের শুরু হয়। অদ্ভুত না?
মানে ছোটলোকি করার মোক্ষম অনুষ্ঠান হলো বিয়ে। কাউকে যদি জিজ্ঞেস করি সবকিছু ঠিকঠাক ছিল তো? অপরপক্ষের উত্তর আসে, জানোই তো বিয়েতে ঝামেলা একটু হবেই।
লেখক:সাবেক শিক্ষার্থী,উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।