৬ জানুয়ারি ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
স্থায়ী সনদপ্রাপ্ত সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন-২০২৬ উপলক্ষে আয়োজিত পোস্ট কনভোকেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি–১ এ লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন সফলভাবে সম্পন্ন হওয়ায় সমাবর্তন সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে সমাবর্তনে অংশগ্রহণকারী অতিথিবৃন্দ ও দেশ-বিদেশ থেকে আগত লিডিং ইউনিভার্সিটির অ্যালামনাইগণ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মনোরম পরিবেশে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করেন।
পোস্ট কনভোকেশন সভায় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতার ফলেই লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন–২০২৬ শতভাগ সফল হয়েছে। স্বল্প সময়ের মধ্যে স্থায়ী সনদ প্রাপ্তির পরপরই সমাবর্তনের মতো একটি বৃহৎ আয়োজন বাস্তবায়ন করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে সবাই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় এই সফলতা অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, এই সাফল্যের ধারাবাহিকতায় লিডিং ইউনিভার্সিটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর অনুপ্রেরণা ও উৎসাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সমাবর্তন আয়োজক বিভিন্ন সাব-কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের উদ্দেশ্যে এবারের আয়োজনে যে ঘাটতিগুলো পরিলক্ষিত হয়েছে, সেগুলো পর্যালোচনা করে ভবিষ্যতের জন্য লিখিতভাবে সংরক্ষণের পরামর্শ প্রদান করেন। শেষে তিনি সমাবর্তনের সুন্দর মুহূর্তগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আহ্বান জানান।
সভায় উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ৪র্থ সমাবর্তন সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রতিটি সাব-কমিটির আহবায়ক নিজ নিজ কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।
বিভিন্ন সাব-কমিটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন-সোভেনির, গিফটস, পাবলিকেশন, পাবলিসিটি অ্যান্ড ইনভাইটেশন সাব-কমিটির আহবায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া; কস্টিউম ও গিফটস ডিস্ট্রিবিউশন এবং প্রসেশন অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট সাব-কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া; রিসিপশন ফর ভিভিআইপি/ভিআইপি ও স্টেজ প্রেজেন্টেশন সাব-কমিটির আহবায়ক ও কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম; ৪র্থ সমাবর্তনের মার্শাল ও কনভোকেশন স্টিয়ারিং কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য সাব-কমিটির আহবায়কবৃন্দ।