২২ জুলাই ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ এক জরুরি প্রজ্ঞাপনে দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যালয়ে পতিত হওয়ার মর্মান্তিক ঘটনায় কোমলমতি শিশুসহ অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে সরকার।
এই প্রেক্ষিতে আগামী মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ তারিখ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতেও একই ব্যবস্থা কার্যকর হবে।
শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল মসজিদে নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল সোমবার (২১ জুলাই ২০২৫) স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আক্রান্ত এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও আহতদের চিকিৎসায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখারও অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।