শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১ জুলাই ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ

জীবনবাজি রেখে চোরাই পণ্যের পিকআপ ধাওয়া করে আটক, বিজিবি সদস্য আহত

আপডেট টাইম : জুলাই ১, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন, স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র টহল দল কর্তৃক চোরাই মালামাল বহনকৃত নাম্বার প্লেটবিহীন ডিআই পিকআপ ধাওয়া করে আটক করা হয়েছে। ধাওয়াকালে টহল দলের ১ জন বিজিবি সদস্য আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ০১ জুলাই (মঙ্গলবার) দুপুরে সুরাইঘাট সীমান্ত হতে আসা একটি দ্রুতগামী ডিআই পিকআপ-কে চোরাচালানী মালামাল বহন করছে সন্দেহে চতুল বাজারে বিজিবি টহল দল সিগন্যাল দিয়ে থামানোর চেষ্টা করে। ডিআই পিকআপের চালক সিগন্যাল না মেনে দ্রুত গতিতে চলে আসে। তখন বিজিবি টহল দল মোটরসাইকেল যোগে ডিআই পিকআপের পিছনে ধাওয়া করে। চতুল বাজার থেকে দরবস্ত বাজারের মধ্যখানের রাস্তা বিভিন্ন খাদের কারণে রাস্তা খারাপ থাকায় ডিআই পিকআপের গতি কিছুটা কম ছিলো। তখন বিজিবি টহল দলের একজন সদস্য নিজের জীবনবাজি রেখে মোটরসাইকেল থেকে নেমে লাফ দিয়ে ডিআই পিকআপের উপর উঠে পড়েন। ডিআই পিকআপের চালককে গাড়ি থামাতে বললেও চালক গাড়ি না থামিয়ে আরো দ্রুত চলতে থাকে৷ অপরদিকে বিজিবি টহল দলের অন্যান্য সদস্য মোটরসাইকেল যোগে পিকআপের পিছনে ধাওয়া করতে থাকে। একপর্যায়ে চালক বিজিবি টহল দলের সদস্যদের সাহসিকতা দেখে দ্রুত গতিতে চলা পিকআপটিকে নিয়ে দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন কাঠের সমিলের সাথে ধাক্কা দেয়। এসময় বিজিবি টহল দলের একজন সদস্য মোটরসাইকেল থেকে পড়ে আহত হন এবং গাড়ির চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ০১ জুলাই (মঙ্গলবার) আনুমানিক দুপুর ০২ টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩১০ হতে আনুমানিক ০৭ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি টহল দল কর্তৃক একটি ডিআই পিকআপ’কে চোরাচালানী মালামাল বহন করছে সন্দেহ করে গাড়ি থামানোর জন্য সিগন্যাল দেয়া হলে পিকআপ চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে চলে যায়। তখন বিজিবি টহল দল মোটর সাইকেলযোগে উক্ত পিকআপটিকে ধাওয়া করলে দ্রুত গতিতে চলা পিকআপটি দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন কাঠের সমিলের সাথে ধাক্কা খায় এবং গাড়ির চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়।

এবিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন- উক্ত পিকআপ হতে বিজিবি টহল দল কর্তৃক অবৈধ চোরাচালানী মালামাল ভারতীয় চা পাতা জব্দ করেন (পিকআপ মালিক মোঃ জহিরুল ইসলাম এবং চোরাচালানী মালামালের মালিক মোঃ শাহাজাহান)। ধাওয়াকালীন সময়ে বিজিবি টহল সদস্য সিপাহী মোঃ সিহাব ইসলাম রাব্বি মোটর সাইকেল হতে পড়ে গিয়ে হাটুর নিচে কেঁটে যায়। উক্ত সৈনিককে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্ণিত সৈনিক শারীরিক অবস্থা স্থিতিশীল। জব্দকৃত আলামতসমূহ এবং ডিআই পিকআপটির যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন